AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৫১ পিএম, ২২ জুন, ২০২৬

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) শহরের আলিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাণিজ্যিকভাবে ব্যবহৃত ওই তিনতলা ভবনে কোচিং সেন্টারের পাশাপাশি একটি পোষা প্রাণীর দোকানসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। আগুন লাগার পর ভবনের ভেতরে থাকা শিক্ষার্থী ও অন্যান্যরা আটকা পড়েন।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী ভবনের উপরের তলা থেকে নিচে লাফ দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এক ঘণ্টারও বেশি সময় ধরে তীব্রভাবে জ্বলতে থাকে। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধ্বংসস্তূপ থেকে অন্তত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি ভবনের ভাঙা অংশ দিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন প্রথমে ভবনের উপরের তলায় লাগে এবং পরে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। উদ্ধার তৎপরতায় জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করা হয় বলেও তিনি জানান।

আরেকজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, কয়েকজন শিক্ষার্থী ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত একজনের গুরুতর আঘাতের খবর পাওয়া গেছে।

ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!