সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বিশ্বের বিভিন্ন দেশের ১,০০০ জন পুরুষ ও নারীকে নিজ ব্যয়ে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার অনুমোদন দিয়েছেন। সৌদি সরকারের ‘দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের মেহমানদের জন্য হজ, ওমরাহ ও জিয়ারত কর্মসূচি’র আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
সৌদি আরবের ইসলামি বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৮ হিজরি বছরে চার ধাপে এই কর্মসূচি পরিচালিত হবে। প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন ওমরাহ যাত্রী এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, তিমুর-লেস্তে, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান এবং মঙ্গোলিয়া।
এ বিষয়ে সৌদি আরবের ইসলামি বিষয়ক মন্ত্রী এবং কর্মসূচির তত্ত্বাবধায়ক শেখ আব্দুললতিফ আল-শেখ বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ পালন এবং ইসলামের পবিত্র স্থানগুলো জিয়ারতের সুযোগ সহজতর করতে সৌদি নেতৃত্ব ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, এ উদ্যোগ তারই অংশ।
তিনি আরও বলেন, এই কর্মসূচি মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করবে। পাশাপাশি বিভিন্ন দেশের আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রভাবশালী মুসলিম নেতাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৌদি কর্তৃপক্ষের আশা, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা পবিত্র মক্কা ও মদিনা সফরের পাশাপাশি ইসলামের মূল্যবোধ ও ভ্রাতৃত্বের বার্তা আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে সক্ষম হবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

