দিনাজপুরের পার্বতীপুরে পিতার হাতে নুরুজ্জামান (১৩) নামে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শরিফুল ইসলাম তাঁর ছেলে নুরুজ্জামানকে নিয়ে বাড়ির মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে পিতা-পুত্রের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শরিফুল ইসলাম হাতে থাকা শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতা শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।
নিহত নুরুজ্জামান পার্শ্ববর্তী আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি সে মৌলভীডাঙ্গা বাজারের একটি মুদির দোকানে কাজ করত।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।"
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

