উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বিরাজমান বায়ুচাপের তারতম্যের কারণে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য সৃষ্টি হওয়ায় সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন অব্যাহত রাখতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দা ও নৌযান সংশ্লিষ্টদের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতির প্রতি নজর রাখার আহ্বান জানিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

