নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার, ১২ জুন দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পরর্মেশ্বরদী এলাকার জাকির হোসেনের মেয়ে। সে তার পরিবারের সাথে সদাসদী এলাকার শরীফের বাড়িতে ভাড়া থাকত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি ভাড়া বাসার ওয়াশরুম থেকে বের হওয়ার সময় একই বাড়ির অপর ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে সিয়াম (২৪) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে সিয়াম পালানোর চেষ্টা করে।
এসময় বাড়ির মালিক শরীফ ও তার ছেলে শান্ত সিয়ামকে ঘরে আটক করে রাখে। পরে এলাকাবাসী জড়ো হলে শরীফ ও শান্ত অভিযুক্ত সিয়ামকে পালিয়ে যেতে সহায়তা করে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা বাড়ির মালিক শরীফ ও তার ছেলে শান্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান "আমরা ঘটনাস্থল থেকে বাড়ির মালিক শরীফ ও তার ছেলে শান্তকে আটক করেছি। তারা এখানে পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রয়েছে। মূল অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হয়ে ধর্ষক সিয়াম এবং তাকে পালাতে সহায়তা করা শরীফ ও শান্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করছে। পুলিশ বলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

