মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে প্রসাদপুর ইউনিয়নের কলেজ মোড় থেকে সামান হাজীর বাড়ি পর্যন্ত এ নির্মাণকাজের ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. ইকরামুল বারী টিপু বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন চলছে। এই সড়কটির উন্নয়ন কাজ শেষ হলে এলাকার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেসুর রহমান মকে, উপজেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি লায়লা বারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে দীর্ঘদিন পর সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, রাস্তাটি কাঁচা ও চলাচলের অনুপযোগী থাকায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। কাজটি সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য কলেজ মোড় থেকে সামান হাজীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটির কাজ শেষ হলে প্রসাদপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

