এক দিনের সরকারি সফরে আজ (শনিবার) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং রাজনৈতিক কর্মসূচিসহ একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী বিমানযোগে কক্সবাজার পৌঁছে সড়কপথে চকরিয়ার পিএমখালী এলাকায় যাবেন। সেখানে পাতলি খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। নির্ধারিত কর্মসূচি শেষে রাতেই তিনি ঢাকায় ফিরবেন।
সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলি খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন ও স্থানীয় পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুরে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন এবং মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
এ ছাড়া তিনি জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারের প্রথম শহীদ পেকুয়ার বাসিন্দা ওয়াসীমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করবেন।
বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সন্ধ্যায় কক্সবাজার মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন এবং রাত ৮টায় হোটেল লং বিচ অডিটোরিয়ামে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলায় প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে চকরিয়ার জনসভাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে সফরের সার্বিক প্রস্তুতি তদারকিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুই দিনের সফরে কক্সবাজারে অবস্থান করছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সরকারের আরও কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী জেলায় পৌঁছেছেন।
উল্লেখ্য, এই প্রতিবেদনে বর্ণিত পরিচয় ও পদবিগুলো উৎসে দেওয়া তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

