‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং উদ্যোক্তা উদ্যোগ উপস্থাপন করেন। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবন, পরিবেশবান্ধব প্রকল্প এবং বাস্তবমুখী ব্যবসায়িক ধারণা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা শিক্ষা অফিসার দৌলত উজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জহিরুল ইসলাম এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তসলিম উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। তরুণদের মেধা ও সৃজনশীলতাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, কর্মসূচিটির আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

