AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃষ্টিভেজা কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৬ এএম, ১৩ জুন, ২০২৬

বৃষ্টিভেজা কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সরকারি সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মৌসুমি বায়ুর প্রভাবে সকাল থেকেই জেলায় বৃষ্টি থাকলেও তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

শনিবার (১৩ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সময়ে বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানের মধ্য দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, কক্সবাজারে পৌঁছে প্রধানমন্ত্রী সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখবেন।

সফরসূচি অনুযায়ী, এরপর তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্ক পরিদর্শন করবেন।

দুপুরে পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এক রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন তিনি।

রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। নির্ধারিত কর্মসূচি শেষে রাতেই ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা। দীর্ঘদিন পর তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এদিকে সফর উপলক্ষে সরকারের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী আগেই কক্সবাজারে পৌঁছেছেন। স্থানীয় রাজনৈতিক সূত্রের মতে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর পর্যটন নগরী কক্সবাজারে এটি তারেক রহমানের প্রথম সরকারি সফর, যা জেলার উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!