ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মার্কেটের দোকান বরাদ্দ, পরিচালনা এবং দরপত্র কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, গোলাম কিবরিয়া অঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে মার্কেটের দোকান বরাদ্দ ও ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ তদন্তাধীন রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট অভিযোগগুলোর মধ্যে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয় রয়েছে বলে জানানো হয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরখাস্তকালীন সময়ে গোলাম কিবরিয়াকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে জারি করা আদেশের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে ডিএসসিসি সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

