ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচি ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর সদস্যরা। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে আন্দোলনকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করা হয় এবং পরে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়।
এ ঘটনায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং কিছু সময়ের জন্য এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে তারা পুনরায় ব্যাংক এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, নতুন চেয়ারম্যানকে ‘এস আলম গ্রুপের ঘনিষ্ঠ’ হিসেবে উল্লেখ করে ব্যাংকে অনিয়মের আশঙ্কায় তারা এই কর্মসূচি পালন করছিলেন।
পুলিশ প্রথম দফায় আন্দোলনকারীদের সরিয়ে দিলেও পরবর্তীতে তারা পুনরায় অবস্থান নিলে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। বর্তমানে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

