আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দলটির কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নগরজুড়ে বিশেষ নজরদারি ও আইনশৃঙ্খলা কার্যক্রম জোরদার করা হয়েছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, ২৩ জুনকে কেন্দ্র করে রাজধানীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ পিকেটিং ও চেকপোস্ট পরিচালনা করা হবে। একই সঙ্গে ঢাকার সব প্রবেশপথে তল্লাশি ও নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমে নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সক্রিয় থাকবে। এছাড়া স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও অন্যান্য গোয়েন্দা ইউনিট সাদা পোশাকে তথ্য সংগ্রহ ও নজরদারির দায়িত্ব পালন করবে।
যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি ডিএমপির চারটি প্রধান কন্ট্রোল রুমে অতিরিক্ত পুলিশ সদস্য ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে।
ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এদিন ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে চলতি মাসের ১ থেকে ২০ জুন পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ১ হাজার ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

