পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সঙ্গে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের অধীনে সোমবার (২২ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ডায়ালগের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। ব্র্যাকের পঞ্চগড় জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মোর্শেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ডায়ালগে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী। তাই দেশের উন্নয়নে নারীদের সম্পৃক্ত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে বিভিন্ন আইন রয়েছে। নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে হবে।
সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কন্যাশিশুর প্রতি সহিংসতা কমাতে পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
বক্তারা সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

