রাজধানীতে ঈদুল আজহায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়েছেন অন্তত ৮০ জন মৌসুমী কসাই ও সহকারী।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় প্রায় ২০ জনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
আহতদের বেশিরভাগই পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ, বংশাল ছাড়াও সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের মধ্যে কেউ গরুর লাথি, কেউ সিংয়ের আঘাত এবং কেউ মাংস কাটার সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
তিনি বলেন, “গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঈদের ছুটির মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জরুরি বিভাগে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়ে প্রায় ৮০ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা শেষে চলে গেলেও অন্যদের অপারেশন থিয়েটারে চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, ঘটনাগুলো সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

