বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর ৬টি বিতরণ অঞ্চল বেসরকারি খাতে হস্তান্তরের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬শে জুলাই) সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং বি-১৮৮৬) এর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: আছাদউজ্জামান বাবুল। সঞ্চালনা করেন কাজী মো: আমজাদ হোসেন। শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক জনাব মো: আবু তাহের।
সংগঠনের সভাপতি মো: আছাদউজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক জনাব মো: আবুল কালাম আজাদ, কাজী মো: আমজাদ হোসেনসহ বক্তারা সমাবেশে বলেন, বিদ্যুৎ দেশের মানুষের মৌলিক সেবা এবং জাতীয় উন্নযনের অন্যতম প্রধান চালিকাশক্তি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে হস্তান্তর করা হলে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হতে পারে এবং প্রকৌশলী, কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের চাকরি ও ভবিষ্যৎ কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়তে পারে।
বক্তারা বলেন, দেশের বিদ্যুৎ খাতকে আরও দক্ষ, আধুনিক ও জনবান্ধব করার জন্য সরকারি ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে হবে। কোনো অবস্থাতেই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে বেসরকারি খাতে হস্তান্তর করে জনস্বার্থ ও শ্রমিক-কর্মচারীদের স্বার্থকে উপেক্ষা করা যাবে না।
এ সময় বক্তারা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানান। একই সঙ্গে বিদ্যুৎ খাতের প্রকৌশলী, কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রকৌশলী, কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীর, বিশেষজ্ঞ ও অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
দাবী সমূহ:
১। দুর্নীতি মুক্ত প্রশাসনিক কাঠামো।
২। পিডিবি বিতরণ অঞ্চল সহ কোনো স্থাপনা কোম্পানীতে হস্তান্তর করা যাবে না।
৩। বোর্ডের নিকট পেশকৃত ৫ (পাচ) দফা দাবী (শূণ্য পদ পূরন, মৃত্যু কর্মচারীর পোষ্যদের নিয়োগ, দৈনিক ভিত্তিক কর্মরতদের নিয়োগ, বকেয়া বোনাস প্রদান)
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মেনে নেওয়া না হলে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে সংগঠনের যুগ্ম সম্পাদক জনাব মো: মজিবর রহমান সহ সংগঠনের কেন্দ্রীয়, মহানগর, যুব কমিটি, ঢাকাস্থ শাখা কমিটি নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।
সমাবেশে সংহতি প্রকাশ করেন ডিপিডিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি জনাব মো: দেলোয়ার হোসেন এবং ওজোপাডিকো শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সম্পাদক জনাব মো: মজিবুর রহমান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

