ঈদুল আজহাকে ঘিরে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং নগরী পরিষ্কার রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, সরকারের নির্ধারিত ১২ ঘণ্টার সময়সীমার আগেই বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে।
মঙ্গলবার ডিএনসিসি নগরভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ঈদের দিন রাজধানীকে দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোরবানির পরপরই পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে নামবেন এবং নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঈদের দিন দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রাজধানীসহ দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাকে দ্রুত বর্জ্য পরিষ্কার এবং পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভারী বৃষ্টিপাত হলেও নগরীর জলাবদ্ধতা দ্রুত নিরসনে ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি নিষ্কাশনের বিভিন্ন পয়েন্টে জমে থাকা পলিথিন ও আবর্জনা দ্রুত সরাতে পরিচ্ছন্নতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ কাজে সিটি করপোরেশনের পাশাপাশি রাজউক ও ওয়াসাকেও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

