AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএসির পূর্ণকালীন সদস্য হলেন বাকৃবি অধ্যাপক



বিএসির পূর্ণকালীন সদস্য হলেন বাকৃবি অধ্যাপক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ৬(২) ও ৯(১) ধারা অনুযায়ী তাঁকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ট্রেজারার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহমেদ আবদুস সালাম এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরানকেও পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত সদস্যদের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, ড. ওয়াকিলুর রহমান বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা, পদমর্যাদা এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ ও প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। একই সঙ্গে তিনি কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসেবে আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম, শিক্ষকতার মান, অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম মূল্যায়নের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কাজ করে।

কাউন্সিলের অ্যাক্রেডিটেশনের মাধ্যমে কোনো বিশ্ববিদ্যালয় বা একাডেমিক প্রোগ্রাম জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!