রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তিনি রায়েরবাজার হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগ থানাধীন হায়দার হোটেল এলাকার একটি গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের বরাতে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে বিন্তি অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে হায়দার হোটেলের গলি দিয়ে হাঁটছিল। কিছু সময় পর পাশের একটি অন্ধকার গলি থেকে তার রক্তাক্ত চিৎকার শোনা গেলে স্থানীয়রা ছুটে আসেন। তখন তাকে আহত অবস্থায় পাওয়া যায়।
পরবর্তীতে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
নিহতের বাবা বিল্লাল হোসেন অভিযোগ করেন, অভিযুক্ত কিশোর সিয়াম দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে পারিবারিকভাবে উদ্বেগের কথাও জানান তিনি।
হাজারীবাগ থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

