ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বাড়িভাড়া নির্ধারণ ও বৃদ্ধি নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, নির্ধারিত ভাড়া কার্যকর হওয়ার পর অন্তত দুই বছর তা অপরিবর্তিত থাকবে। নির্ধারিত সময়ের আগে কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়ানো যাবে না।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গুলশানে ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন।
নির্দেশনায় বলা হয়েছে, ভাড়া বৃদ্ধির সময়কাল হবে জুন ও জুলাই মাসে। দুই বছর পূর্ণ হওয়ার পর মানসম্মত ভাড়া বা বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার পারস্পরিক আলোচনার মাধ্যমে ভাড়া সমন্বয় করা যাবে।
ভাড়া পরিশোধে অনিয়ম হলে করণীয় প্রসঙ্গে ডিএনসিসি জানায়, নির্ধারিত সময়ে ভাড়া দিতে ব্যর্থ হলে প্রথমে ভাড়াটিয়াকে মৌখিকভাবে সতর্ক করবেন বাড়িওয়ালা। এরপরও বকেয়া পরিশোধ না হলে সব পাওনা পরিশোধ করে দুই মাসের মধ্যে বাড়ি ছাড়ার জন্য লিখিত নোটিশ দেওয়া যাবে। এ ক্ষেত্রে পূর্বের ভাড়া চুক্তি বাতিল করে উচ্ছেদের সুযোগ থাকবে।
আবাসিক ভবনের ক্ষেত্রে ভাড়া চুক্তি বাতিল করতে চাইলে উভয় পক্ষকে অন্তত দুই মাস আগে নোটিশ দিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
ডিএনসিসির নির্দেশনায় আরও বলা হয়, বাড়িভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট সম্পত্তির বাজারমূল্যের সর্বোচ্চ ১৫ শতাংশের বেশি নির্ধারণ করা যাবে না। বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়ার লিখিত চুক্তিতে ভাড়ার শর্ত, ভাড়া বৃদ্ধির নিয়ম, অগ্রিম জমার পরিমাণ এবং কখন বাড়ি ছাড়তে হবে—এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
এ ছাড়া বাড়িভাড়া নেওয়ার সময় এক থেকে তিন মাসের বেশি অগ্রিম ভাড়া আদায় করা যাবে না। সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ডভিত্তিক বাড়িওয়ালা সমিতি ও ভাড়াটিয়া সমিতি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। এসব সমিতির প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে ভাড়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখবেন।
ভাড়া সংক্রান্ত কোনো সমস্যা হলে প্রথমে ওয়ার্ড বা জোনভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতির মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। তাতে সমাধান না হলে বিষয়টি সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে জানাতে হবে।
ডিএনসিসি আরও জানায়, ভাড়াটিয়ার অধিকার সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ বাস্তবায়নে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। এ সংক্রান্ত জটিলতা নিরসনে জোনভিত্তিক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

