AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৯ এএম, ২২ জুলাই, ২০২৬

ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ

টানা ১১তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় হামলার পর একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, টানা ১১তম রাতেও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের তৈরি করা হুমকি দুর্বল করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, হামলায় ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, নৌ সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক রসদ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আল জাজিরার তেহরান প্রতিনিধি তৌহিদ আসাদি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে তেহরানজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি ফার্স নিউজ এজেন্সি জানায়, দক্ষিণাঞ্চলের সিরিক শহরের আশপাশেও একাধিক বিস্ফোরণ হয়েছে।

ফার্সের প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়েহ শহরের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। প্রদেশটির ডেপুটি গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনাতেও হামলার দাবি করেছে ফার্স। স্থানীয় সংকট ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটে ওই হামলা চালানো হয়। তবে শহরের অভ্যন্তরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের হামলার মূল লক্ষ্য ছিল দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালিসংলগ্ন এলাকা। তবে এবার তেহরান ও তাবরিজে হামলা সংঘাতের নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে। চলতি মাসে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে ইরান একাধিকবার কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসকে জানান, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। তিনি এ যুদ্ধ পরিচালনা অব্যাহত রাখতে অতিরিক্ত ৯০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এ সময় ডেমোক্র্যাট সিনেটর জন অসফ প্রশ্ন তোলেন, আগে যদি ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে থাকে, তবে অতিরিক্ত অর্থের প্রয়োজন কেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন ইরানি পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনে খুব শিগগিরই এবং ‘অত্যন্ত জোরালোভাবে’ হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।

ট্রাম্পের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!