রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ শুক্রবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুনে দগ্ধ হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন— কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছর বয়সী ছেলে কাজী ফাইয়াজ রিশান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অবস্থিত ছয়তলা একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসকে জানানো হয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং প্রায় দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে তা পুরোপুরি নির্বাপণ করা হয়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

