বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শীত মৌসুমে প্রতি বছরই এই মহানগরে বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ে, চলতি মৌসুমেও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। ক্রমবর্ধমান দূষণে নগরজীবন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।
রোববার (১১ জানুয়ারি) প্রকাশিত আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।
বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) আজ ২৩৫ রেকর্ড করা হয়েছে, যা ‘খুব অস্বাস্থ্যকর’ স্তরে পড়ে। এর আগের দিন শনিবার এই স্কোর ছিল ১৯৩।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে একিউআই স্কোর ২৩০। তৃতীয় স্থানে ভিয়েতনামের হেনয় (২১৯) এবং চতুর্থ স্থানে চীনের চেংডু (২০১)। এসব শহরের বাতাসও অত্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ছাড়া, ১৮৭ স্কোর নিয়ে ভিয়েতনামের হো চি মিন সিটি রয়েছে পঞ্চম স্থানে। মায়ানমারের ইয়াঙ্গুন (১৮৩) ষষ্ঠ, ভারতের কলকাতা (১৮০) সপ্তম, মিশরের কায়রো (১৭৭) অষ্টম, সেনেগালের ডাকার (১৭৬) নবম এবং চীনের চংচিং (১৭৪) দশম অবস্থানে রয়েছে। বায়ুমান সূচক অনুযায়ী, এসব শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাসকে ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সেটিকে অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদের ক্ষেত্রেও বাইরে দীর্ঘ সময়ের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। আর স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ স্তরে পড়ে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

