রাজধানীতে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ হামলার তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা জানান, রাত আনুমানিক ১২টার দিকে একদল লোক পত্রিকা দুটির কার্যালয় লক্ষ্য করে হামলা চালায়। তিনি বলেন, হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
ওসি ক্যশৈন্যু মারমা জানান, তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং সেখানে কয়েকশ মানুষ জড়ো হয়ে সহিংসতা চালিয়েছে। তবে হামলায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে লাঠিসোঁটা হাতে ভাঙচুর চালানোর দৃশ্য দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলার সময় ভবনের ভেতরে একাধিক সংবাদকর্মী আটকা পড়ে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

