জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি এ ঘটনাকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তামিম ইকবাল বলেন, নাঈম হাসানের সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পর নাঈম তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এবং বিসিবির অন্য পরিচালকেরা বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন।
তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং নাঈম ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়েছে।
তামিম আরও বলেন, ঘটনার পরবর্তী প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং নাঈম হাসানসহ দেশের সব ক্রিকেটারের পাশে থাকবে বিসিবি।
উল্লেখ্য, অভিযোগ অনুযায়ী গত ১২ জুন রাতে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফেরার পথে নগরের লালখান বাজার এলাকায় নাঈম হাসানকে থামানো হয়। তার দাবি, পরিচয় দেওয়ার পরও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হলে সেখানেও অসৌজন্যমূলক আচরণের শিকার হন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় দায়ের করা মামলার পর সংশ্লিষ্ট এক উপপরিদর্শক (এসআই) ও দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

