ফিফা বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে দারুণ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির একমাত্র গোলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। প্রথম ১০ মিনিটের মধ্যেই উভয় দলই একবার করে জালে বল পাঠালেও অফসাইডের কারণে দুটি গোলই বাতিল হয়।
তবে ১৭তম মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি আর্জেন্টাইন অধিনায়ক। রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে আলজেরিয়ার গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি।
গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় আর্জেন্টিনা। মাঝেমধ্যে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি আলজেরিয়া। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় লিওনেল স্কালোনির দল।
এদিন মেসির জন্য ম্যাচটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বকাপে অভিষেকের দুই দশক পূর্ণ হওয়ার দিনে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে অংশ নেওয়ার অনন্য রেকর্ড গড়েছেন। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

