আসন্ন বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে আলোচিত বিষয় হলো অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন।
বুধবার (৩ জুন) প্রকাশিত স্কোয়াডে চার বছর পর জাতীয় ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ৩০ বছর বয়সী মোসাদ্দেক। তিনি সর্বশেষ ২০২২ সালের আগস্টে বাংলাদেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।
দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানও। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে না থাকলেও এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে বিবেচনায় নিয়েছে নির্বাচকরা।
অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে দলের সদস্য আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন এবারের স্কোয়াডে জায়গা পাননি।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। দুই দলের মধ্যকার লড়াই শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।
সিরিজকে সামনে রেখে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে বিসিবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

