সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নেপালের বিপক্ষে চমৎকার এক গোলে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন ঋতুপর্ণা চাকমা। প্রথমার্ধের শেষ মুহূর্তে সরাসরি কর্নার কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি।
ঋতুপর্ণার দুর্দান্ত এই ‘অলিম্পিক গোল’-এর সুবাদে বিরতিতে যাওয়ার সময় দুই দলের স্কোরলাইন ছিল ১-১।
এর আগে ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় নেপাল। কর্নার থেকে সৃষ্ট আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগটি কাজে লাগান গীতা রানা। বক্সের ডান দিক থেকে নেওয়া তার নিচু ও কোণাকুণি শট জালে জড়িয়ে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নেপাল।
গোল হজমের পর বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে। মাঝমাঠের পাশাপাশি দুই প্রান্ত দিয়ে আক্রমণ সাজিয়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে নেপালের সংগঠিত ডিফেন্সের কারণে কাঙ্ক্ষিত সুযোগ তৈরি করা সহজ হচ্ছিল না।
অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে আসে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। কর্নার কিক থেকে সরাসরি বল জালে পাঠিয়ে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন ঋতুপর্ণা চাকমা। তার অসাধারণ এই গোলে সমতায় ফিরে আত্মবিশ্বাসের সঙ্গে বিরতিতে যায় বাংলাদেশ।
ভারতের গোয়ায় অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধ শেষে দুই দলের লড়াই ১-১ সমতায় রয়েছে। ঋতুপর্ণার অনন্যসাধারণ গোল বাংলাদেশের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

