২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়াম প্রবেশসংক্রান্ত নীতিমালায় পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দর্শকরা আর পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।
ফিফার হালনাগাদ নির্দেশিকায় বলা হয়েছে, রিফিলযোগ্য বা পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা নিষিদ্ধ। ফলে ম্যাচ দেখতে আসা সমর্থকদের স্টেডিয়ামের ভেতর থেকেই বোতলজাত পানি কিনতে হবে।
এর আগে ফিফার আচরণবিধিতে খালি, স্বচ্ছ এবং সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল বহনের অনুমতি ছিল। তবে সম্প্রতি সেই বিধান পরিবর্তন করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ বিষয়ে এএফপিকে দেওয়া এক বক্তব্যে ফিফার একজন মুখপাত্র বলেন, নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, বিশ্বকাপের কয়েকটি ভেন্যুতে আগেও এ ধরনের বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা ছিল।
ফিফার মতে, খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বোতল নিক্ষেপ বা সংশ্লিষ্ট ঝুঁকি থেকে সম্ভাব্য আঘাত এড়ানোও সিদ্ধান্তের অন্যতম কারণ।
তবে দর্শকদের স্বস্তির জন্য স্টেডিয়াম এলাকায় কুয়াশা-স্প্রে স্টেশন, শীতলীকরণ তাঁবু, পাখা এবং পানি সরবরাহ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে ফিফা। এছাড়া স্টেডিয়ামের ভেতরে বিক্রি হওয়া পানির দাম সংশ্লিষ্ট ভেন্যুর অন্যান্য বড় আয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হবে বলেও জানানো হয়েছে।
ফিফার এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন তাপপ্রবাহ ও অতিরিক্ত গরম নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ২৬টি ম্যাচ এমন আবহাওয়ায় অনুষ্ঠিত হতে পারে, যেখানে তাপজনিত স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্য মাত্রায় পৌঁছাবে।
প্রতিবেদন অনুযায়ী, ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার (ডব্লিউবিজিটি) সূচক ২৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। এই সূচক তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি এবং সূর্যালোকের মাত্রা বিবেচনায় মানবদেহে তাপজনিত চাপ নির্ধারণে ব্যবহৃত হয়।
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও স্টেডিয়ামে পানির বোতল বহনে নিষেধাজ্ঞা ছিল। সে সময় তীব্র গরমের মধ্যে দর্শকদের অসন্তোষের খবর প্রকাশিত হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

