বাগেরহাটের মোংলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুরে মোংলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশুর হোটেলের সামনের ফাঁকা স্থান থেকে তাদের আটক করা হয়।
মোংলা থানার এসআই (নিঃ) আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন মোঃ হালিম শেখ (৩৫), পিতা- আবুল কালাম শেখ, গ্রাম- মানিকনগর, থানা- রামপাল; মোঃ রাসেল সিকদার (২৬), পিতা- মৃত সৈয়দ সিকদার, সাং- মোংলা বাসস্ট্যান্ড পিএম কলোনী, ৪ নম্বর ওয়ার্ড এবং মোঃ রাসেল শেখ (৩২), পিতা- মোঃ নাজির শেখ, সাং- পূর্ব শেহলাবুনিয়া, ৭ নম্বর ওয়ার্ড, থানা- মোংলা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা তাদের নিজ হেফাজত থেকে যথাক্রমে ১০, ৫ ও ৫ পিস করে মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। পরে এসআই (নিঃ) আব্দুল লতিফ বেলা ১টা ৩০ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করেন এবং আসামিদের হেফাজতে নেন।
মোংলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, “মাদকের বিরুদ্ধে মোংলা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

