নেইমারকে নিয়ে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে ব্রাজিলদীর্ঘ বিরতির পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ঘোষিত ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার পর দলের সঙ্গে যাত্রা শুরু করেছেন তিনি।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সম্প্রতি ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেন। সেই তালিকায় নিজের নাম দেখার পর আবেগাপ্লুত হয়ে পড়েন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর নানা চোট-সংকটের কারণে জাতীয় দলের বাইরে থাকা এই ফুটবলার আবারও বিশ্বকাপ মঞ্চে ফেরার সুযোগ পেয়েছেন।
বিশ্বকাপের উদ্দেশে রওনা হওয়ার সময় সতীর্থদের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন নেইমার। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “সবাই মিলে।” পোস্টে ব্রাজিল ফুটবল ফেডারেশনের জাদুঘরে সংরক্ষিত বিশ্বকাপ ট্রফির একটি ছবিও যুক্ত করেন তিনি।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউজার্সির উদ্দেশে রওনা হয় ব্রাজিল দল। তবে প্রথম দফায় ২৩ জন ফুটবলার যাত্রা করেন। বাকি তিনজন পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অংশ নেওয়ার কারণে পিএসজির অধিনায়ক মার্কিনিয়োস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও গ্যাব্রিয়েল মাগালায়েস শুরুতে দলের সঙ্গে যেতে পারেননি। তাদের পরে যোগ দেওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তারা পানামাকে ৬-২ গোলে পরাজিত করে।
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় সেই ম্যাচে মাঠে নামেননি নেইমার। তবুও গ্যালারিতে উপস্থিত সমর্থকরা তার নাম ধরে স্লোগান দেন। বিমানবন্দরেও ভক্তদের ব্যাপক উপস্থিতি দেখা যায়, যেখানে অনেকেই প্রিয় ফুটবলারদের অটোগ্রাফ সংগ্রহের চেষ্টা করেন।
বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে নেইমারের প্রত্যাবর্তন সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই তারকা এবারও দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

