বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে তিনি এ সফরে অংশ নিচ্ছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান তুরস্কের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরের অংশ হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের আধুনিক প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সরকারি এই সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

