স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত যোগ্যতা ও মানদণ্ড পূরণ সাপেক্ষে যে কোনো ব্যক্তি অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ফলে প্রার্থীরা ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নেবেন এবং এ ক্ষেত্রে সরকার কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নাম বা পদ-পদবী ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। তবে কোনো ব্যক্তি যদি দলীয় পরিচয় ব্যবহার না করে নির্ধারিত শর্ত পূরণ করে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন, তাহলে তার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বাধা থাকবে না।
এদিকে তিস্তা অঞ্চলে পানি সংরক্ষণে ব্যারেজ নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, পদ্মা ব্যারেজের আদলে তিস্তা ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে ভারত থেকে আসা অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তার ভাষ্য, তিস্তা এলাকায় ব্যারেজ বা জলাধার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে, যা বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই বাস্তবায়নের সক্ষমতা রাখে। তবে এ প্রকল্পে কোনো বিদেশি দেশ সহযোগিতা করতে চাইলে সেই সুযোগও উন্মুক্ত রাখা হবে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

