বাংলাদেশ থেকে রাশিয়ায় কর্মী পাঠানোর সংখ্যা আগামী বছরের মধ্যে এক লাখে উন্নীত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে রাশিয়ায় কর্মরত রয়েছেন। এ সংখ্যা এক লাখে উন্নীত করার প্রস্তাব বাংলাদেশ উত্থাপন করলে রুশ কর্তৃপক্ষ তা ইতিবাচকভাবে গ্রহণ করে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মতি জানায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়নে উভয় দেশ শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।
জনশক্তি রপ্তানির পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। উভয়পক্ষের মতে, দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনার তুলনায় বর্তমান লেনদেনের পরিমাণ এখনও অনেক কম।
আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশি জনশক্তির পাশাপাশি তৈরি পোশাক ও ওষুধ রপ্তানির সম্ভাবনা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া প্রযুক্তি খাতে সহযোগিতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে দুই দেশের মধ্যে মতবিনিময় হয়। কৃষি ও স্বাস্থ্য খাতে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করতে রাশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসতে সম্মতি দিয়েছে।
বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। তার সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রয়েছেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

