AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৫ এএম, ১০ জুন, ২০২৬

আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় আজ বুধবার (১০ জুন) পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতিবছর ২৯ মে দিবসটি উদযাপিত হলেও এবার ঈদের ছুটির কারণে দেশে নির্ধারিত তারিখের পরিবর্তে ১০ জুন এ আয়োজন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। তিনি বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে বলেন, সংঘাত ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তারা সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে যেসব শান্তিরক্ষী প্রাণ উৎসর্গ করেছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। পাশাপাশি আহত শান্তিরক্ষী ও তাদের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দীর্ঘদিন ধরেই অন্যতম শীর্ষ অবদানকারী দেশ বাংলাদেশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ প্রথম স্থানে ছিল। এর আগেও বিভিন্ন সময়ে দেশটি প্রথম বা দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে।

১৯৮৮ সালে ইরান-ইরাক সীমান্তে সামরিক পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। এরপর প্রায় চার দশকে বাংলাদেশ এ কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী ১৯৯৩ সাল থেকে এবং বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ পর্যন্ত বিশ্বের ৪৩টি দেশ ও অঞ্চলে ৬৩টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন বাংলাদেশের দুই লাখ ৬ হাজার ৪৭৬ জন শান্তিরক্ষী। এর মধ্যে নারী শান্তিরক্ষীর সংখ্যা ৩ হাজার ৬৪৫।

বর্তমানে জাতিসংঘের ৯টি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৪ হাজার ৪১২ জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সাল থেকে এখন পর্যন্ত ২৫টি দেশের ২৭টি মিশনে ২১ হাজার ৮২৮ জন পুলিশ সদস্য অংশ নিয়েছেন, যার মধ্যে নারী সদস্য রয়েছেন ১ হাজার ৯২৮ জন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের ১৭৫ জন শান্তিরক্ষী প্রাণ উৎসর্গ করেছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর ১৩৮ জন, নৌবাহিনীর ৪ জন, বিমানবাহিনীর ৯ জন এবং পুলিশের ২৪ জন সদস্য রয়েছেন। এছাড়া বিভিন্ন মিশনে আহত হয়েছেন মোট ২৮৭ জন শান্তিরক্ষী।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!