আগামী শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে বৃহস্পতিবার (২১ মে) এ তথ্য জানা গেছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী নানা কর্মসূচি। এ অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সফর উপলক্ষে ত্রিশালসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং অনুষ্ঠানস্থল ঘিরে সাজসজ্জার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। বিভিন্ন স্থানে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। নতুন সাজে সজ্জিত করা হয়েছে ত্রিশাল পৌর শহর, সরকারি নজরুল একাডেমি মাঠ এবং আশপাশের এলাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বৈলর খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
পরে দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি নেবেন তিনি। বিকেল ৩টায় সরকারি নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এদিকে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ে ত্রিশালে নজরুল জন্মবার্ষিকী উদযাপন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলা ও নজরুল বইমেলা। ইতোমধ্যে সেখানে শত শত স্টল স্থাপন করা হয়েছে।
মূল অনুষ্ঠানস্থলে আধুনিক সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও দর্শনার্থীদের জন্য বিশেষ বসার ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ও অনুষ্ঠান ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা সার্বক্ষণিক কাজ করছেন।
অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা মনে করছেন, এ আয়োজনের মাধ্যমে ত্রিশালের উন্নয়ন সম্ভাবনা আরও উজ্জ্বল হবে এবং সফরে নতুন উন্নয়ন কার্যক্রম ঘোষণার সম্ভাবনাও রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

