AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৭ পিএম, ৪ জুন, ২০২৬

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এবং লোকসানে পরিচালিত সরকারি শিল্পকারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং পুনরুজ্জীবনের কৌশল নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

সভায় প্রধানমন্ত্রী বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো দ্রুত চালুর পাশাপাশি লোকসানী কারখানাগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের কার্যকর পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসব প্রতিষ্ঠানে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানাগুলোর কার্যক্রম পুনরায় সচল করা এবং আর্থিক সক্ষমতা বাড়ানোর জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটির সুপারিশ নেওয়ার প্রক্রিয়া চলছে।

সভায় বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের আশা, রোড শোর মাধ্যমে সম্ভাবনাময় কিন্তু অচল শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নতুন বিনিয়োগ আসবে এবং শিল্প খাতে কর্মসংস্থান ও উৎপাদন কার্যক্রম বাড়বে।

 

সূত্র:বাসস

একুশে সংবাদ/এ.জে

Link copied!