পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তা ৪০০ দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলা চত্বরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।
সভাপতির বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, সরকারের মানবিক সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট। তিনি সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে ঈদ উদযাপনের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা আদর্শ শিক্ষক সমিতির সভাপতি ড. ওবায়দুল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, পৌর জামায়াত নেতা আজহার সরদার, ওয়ার্ড জামায়াত নেতা আফজাল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

