জাতীয় সংসদে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংরক্ষিত আসনের বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৮ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সভায় তারেক রহমান বলেন, একজন সংসদ সদস্য হিসেবে দক্ষতা বাড়াতে হলে তথ্যসমৃদ্ধ হতে হবে এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।
তিনি নারী এমপিদের সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ধর্মের অপব্যাখ্যা করে কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং নিজ নিজ এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানো জরুরি।
সভায় তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষ আবার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারছে।
সভায় জাতীয় সংসদের কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে নারী সংসদ সদস্যরা মতামত তুলে ধরেন। উপস্থিত ৩৬ জন নারী এমপির মধ্যে ১৭ জন বক্তব্য দেন।
সভা শেষে সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর আগে নারী এমপিদের জন্য সংসদীয় কার্যপ্রণালি বিষয়ে দলীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে দলের কর্মকাণ্ড ও আদর্শ তুলে ধরতে এবং সাধারণ মানুষের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে নির্দেশ দিয়েছেন।
সভায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি আসন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

