মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন জুড়ী উপজেলা মৎস্য অফিসার ড. মনিরুজ্জামান।
মঙ্গলবার (২১জুলাই) উপজেলা সদরে অবস্থিত মক্তদীর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির জীববিজ্ঞান এবং দশম শ্রেণির ভূগোল বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করেন তিনি।
এ সময় তিনি ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি, দেশ ও মানবপ্রেমে উদ্বুদ্ধ এবং সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে ভালো করে লেখাপড়া, শুদ্ধবানান ও নিয়মিত ক্লাস করার উপদেশ দেন। এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান।
মৎস্য অফিসারের ক্লাস নেওয়া প্রসঙ্গে নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান মনি জানায়, ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। তিনি আমাদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন। ওনার কাছ থেকে আমরা অনেক নতুন নতুন বিষয় জানলাম।
দশম শ্রেণির ছাত্রী সায়মা বলে- স্যারের ক্লাস আমাদের খুব ভালো লেগেছে। এছাড়াও বিভিন্ন ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও পড়াশোনার সার্বিক খোঁজখবর নেন তিনি। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিসার ড. মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের পড়াতে খুব ভালো লাগে। আমি নিজেও এক সময় শিক্ষক ছিলাম। শিক্ষা ও জ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। শিক্ষার্থীদের পড়ানো অসাধারণ ব্যাপার। তাতে দুটি লাভ হয়, প্রথমত বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াতে পারছি আবার ওই বিদ্যালয়ে কোনো সমস্যা আছে কিনা সেটাও সরেজমিন দেখতে পারছি।
তিনি আরও বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রজাতন্ত্রের কর্মচারী ও দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের। ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকসহ সবাইকে অনুপ্রাণিত করার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে পরিশ্রম করে যাব।
ক্লাস নেওয়ার পূর্বে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়নের জন্য মতবিনিময় করেন।
উল্লেখ্য ড. মনিরুজ্জামান সম্প্রতি মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

