দেশের জেলা প্রশাসকদের অংশগ্রহণে চার দিনব্যাপী ডিসি সম্মেলন-২০২৬ ঢাকায় শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনস্থলে পৌঁছান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত রয়েছেন।
এর আগে সকাল প্রায় ১০টা ২০ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে যান প্রধানমন্ত্রী। পথে রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান, তিনি হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশাসকরা অংশ নিয়েছেন। এতে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থেকে মাঠ প্রশাসনের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন।
এবারের সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে, যার মধ্যে ৩০টি কার্য অধিবেশন। মাঠ প্রশাসনের পক্ষ থেকে পাঠানো ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি আলোচনার জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগ সম্পর্কিত প্রস্তাবের সংখ্যাই সবচেয়ে বেশি, যা মোট ৪৪টি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

