বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে "অনলাইন প্রতারণার ফাঁদে বন্দি" প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন)-এর সদস্য, সিটিআইপি অ্যাক্টিভিস্ট, লিডার সারভাইভার, গণমাধ্যমকর্মী এবং সম্ভাব্য অভিবাসীরা অংশ নেন। মোট ১৬০ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৪ জন ছিলেন নারী। এ ছাড়া বিদেশে কর্মসংস্থানের প্রস্তুতিমূলক পিডিও (PDO) কোর্সের ১১৭ জন শিক্ষার্থীও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, বারসিক, জিডিসি পালস, মানব কন্যা এবং মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী নূর আতাউর আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (ডেমো-ডিএমও/DEMO) সহকারী পরিচালক মো. আওলাদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের নিবন্ধন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে অনলাইন প্রতারণা ও সাইবার ট্রাফিকিং বিষয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্র প্রদর্শনের পর "অনলাইন প্রতারণার ফাঁদে বন্দি: দিবসের তাৎপর্যের আলোকে মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও করণীয়" শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা অনলাইনভিত্তিক মানব পাচারের নতুন কৌশল, ভুয়া বিদেশি চাকরির প্রলোভন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত প্রতারণা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে মানব পাচারবিষয়ক পুঁথি পাঠ, লিডার সারভাইভারের বাস্তব অভিজ্ঞতা বিনিময়, কুইজ প্রতিযোগিতা এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে মানব পাচারের কৌশলেও পরিবর্তন এসেছে। তাই বিদেশে যাওয়ার আগে চাকরির প্রস্তাব, নিয়োগকারী প্রতিষ্ঠান, ভিসাসহ সংশ্লিষ্ট সব তথ্য সরকারি উৎস থেকে যাচাই করে বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমন নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, মানব পাচার প্রতিরোধে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়; বরং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সংগঠন, গণমাধ্যম এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে সম্ভাব্য অভিবাসী ও তরুণদের অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতন করতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন), মানিকগঞ্জের আয়োজনে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) এবং ঢাকা আহ্ছানিয়া মিশন (ডিএএম)।
উল্লেখ্য, ‘আশ্বাস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য প্রকল্প’-এর আওতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং উইনরক ইন্টারন্যাশনালের (Winrock International) বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

