বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম। একই সঙ্গে জুন মাসের সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে উজিরপুর মডেল থানাও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে।
সোমবার (২১ জুলাই) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জনসেবা প্রদান এবং প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।
জানা গেছে, মাত্র সাত মাস আগে উজিরপুর মডেল থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন ওসি মো. রকিবুল ইসলাম। এরই ধারাবাহিকতায় সাত মাসে পঞ্চমবারের মতো তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। একই সময়ে উজিরপুর মডেল থানাও পাঁচবার জেলার সেরা থানার স্বীকৃতি অর্জন করেছে।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মো. রকিবুল ইসলাম বলেন, “এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। এটি উজিরপুর মডেল থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের নিরলস পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার ফল। জেলা পুলিশ সুপার মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রাণিত করে।”
তিনি আরও বলেন, “উজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা, আস্থা ও ভালোবাসার কারণেই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হচ্ছি। এই সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও জনগণের দোরগোড়ায় সেবার মান উন্নয়ন এবং অপরাধমুক্ত উজিরপুর গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, উজিরপুর মডেল থানার এ ধারাবাহিক সাফল্য জেলার অন্যান্য থানার জন্যও ইতিবাচক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

