দেশজুড়ে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ৬৪ জেলায় ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা পর্যায়ের কর্মকর্তারা এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধিরা এতে যুক্ত ছিলেন। অনলাইনে প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থীও অংশ নেন।
প্রতিমন্ত্রী বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য দেশের যুব সমাজকে ডিজিটাল অর্থনীতিতে যুক্ত করে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা।
প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০২৭ সাল মেয়াদে প্রায় ৩৭৩ কোটি টাকা ব্যয়ে মোট ৩৬ হাজার তরুণকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে পাঁচটি ব্যাচে ১৪ হাজার ৪০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের প্রায় ৬০ শতাংশ ইতোমধ্যে দেশি ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ শুরু করেছেন। তাদের আয় প্রায় ২২ কোটি টাকার সমপরিমাণ বলে জানানো হয়েছে।
নতুন এই ব্যাচে প্রতি জেলায় ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী এইচএসসি পাস তরুণদের মধ্য থেকে বাছাই করে তাদের নির্বাচন করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণকারীদের চূড়ান্ত করা হয়।
প্রশিক্ষণে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ইংরেজি ও সফট স্কিলসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সনদপত্র পাবেন বলে জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

