AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনকাজে মৃত্যু, পরিবার পাবে ১০ লাখ টাকা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৭ পিএম, ১০ জুন, ২০২৬

নির্বাচনকাজে মৃত্যু, পরিবার পাবে ১০ লাখ টাকা

নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত দায়িত্ব পালনকালে অসুস্থতা, দুর্ঘটনা বা মৃত্যুর শিকার হওয়া কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ও অনুদান প্রদানের লক্ষ্যে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ জুন) এ সংক্রান্ত নীতিমালার তথ্য জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, নির্বাচন ও ভোটার তালিকা কার্যক্রমে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা কিংবা হামলার শিকার হয়ে মারা গেলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে।

গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে সর্বোচ্চ ৪ লাখ টাকা, গুরুতর আহত হয়ে সাময়িক অক্ষম হলে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং সাধারণভাবে আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

এছাড়া, দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে সর্বোচ্চ ৬ লাখ টাকা অনুদান দেওয়ার বিধান রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

নীতিমালায় আরো বলা হয়েছে, দায়িত্বরত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান পাওয়া যাবে।

অনুদান পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। পরে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদনের পর অনুদানের অর্থ প্রদান করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, আগে এ ধরনের সহায়তার বিষয়ে সুস্পষ্ট ও সমন্বিত নীতিমালা ছিল না। নতুন নীতিমালার মাধ্যমে অনুদান প্রদানের প্রক্রিয়া এবং উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টনের বিষয়টি আরো স্পষ্ট করা হয়েছে। ফলে ভবিষ্যতে এ নিয়ে জটিলতা ও বিভ্রান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!