২০২৭ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে। ‘শিল্প ও সংস্কৃতি’ নামের এই বইয়ে চারটি অধ্যায়ে অন্তর্ভুক্ত থাকবে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলা।
২০২৮ সাল নাগাদ নতুন কারিকুলামের আওতায় এসব বিষয় পূর্ণাঙ্গভাবে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার (১০ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সভায় তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করার ফলে ভবিষ্যতে এ খাতে বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং তরুণদের জন্য একটি টেকসই ক্যারিয়ার পথ গড়ে উঠবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে এ খাতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নতুন কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে উপযুক্ত প্রশিক্ষণ ও প্রস্তুতি অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার একসঙ্গে কাজ করতে চায়।
তিনি আরও বলেন, সংগীত, নাট্যকলা ও নৃত্যকলাকে শুধু সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই নতুন কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

