পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনেও সচিবালয়ে দাফতরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, ছুটির দিন হলেও এদিন দুপুর ২টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী।
বৈঠকের আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠকের কথা রয়েছে। সেখানে দেশীয় প্রযুক্তিতে আধুনিক বর্জ্য পরিষ্কারক ভ্যাকুয়াম যন্ত্র তৈরির বিষয়টি আলোচনায় আসতে পারে।
এছাড়া ‘কৃষক কার্ড’ কর্মসূচির অগ্রগতি নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়—বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, দেশের আইনশৃঙ্খলা এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপন—নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, শবে কদর উপলক্ষে মঙ্গলবার সরকারি ছুটি ছিল। পাশাপাশি বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে ছুটি ঘোষণার ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা কয়েক দিনের ছুটি পাচ্ছেন। তবে এ সময়েও প্রধানমন্ত্রীর দাফতরিক তৎপরতা অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

