‘সচিবালয় ভাতা’ প্রদানের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় প্রচলিত বিধি অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
গত ১৫ ডিসেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে ওই কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ভাতা দাবিতে আন্দোলনরত কর্মচারীরা প্রায় ছয় ঘণ্টা সচিবালয়ের একটি দপ্তরে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একটি অংশের নেতৃত্বে ওই কর্মসূচি পালিত হয়।
এর পরদিন আন্দোলন অব্যাহত থাকলে নেতৃত্বে থাকা কয়েকজন কর্মচারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের আদেশে রিমান্ডে পাঠানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম।
এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী ও আবু বেলাল; তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন; জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান; অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হকও বরখাস্তের তালিকায় রয়েছেন।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে তার দপ্তরে আটকে রাখার অভিযোগ ওঠে। পরে পুলিশের সহায়তায় তিনি দপ্তর ত্যাগ করেন।
সরকার দাবি বিবেচনার আশ্বাস দিলেও আন্দোলন চালু থাকায় পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয় এবং সচিবালয় চত্বরে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

