উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী।
শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
জানা গেছে, ‘গোল্ড অটাম’ নামের পণ্যবাহী জাহাজটি থেকে বিপদের সংকেত পাঠানো হলে পাকিস্তান নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে নিরাপদে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়।
উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের করাচিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে ঠিক কী কারণে জাহাজটি বিপদে পড়ে সহায়তা চেয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পাকিস্তানের কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

