যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে একটি ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বছর বয়সী এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর সিএনএনের।
স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার কিছু পর সিয়াটল সেন্টারে গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। সিয়াটল ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহত চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র দুই বছর।
হামলার সময় সিয়াটল সেন্টারে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ ফুড ফেস্টিভ্যাল চলছিল। স্থানীয় বিক্রেতা ও বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে মুখর ছিল উৎসবস্থল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একের পর এক গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালেই হামলার ঘটনা ঘটে এবং উপস্থিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
ঘটনার পরপরই পুলিশ, জরুরি সেবাকর্মী ও এফবিআইয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং হামলার উদ্দেশ্যও নিশ্চিত হওয়া যায়নি।
নিরাপত্তার স্বার্থে ঘটনার পর সিয়াটল সেন্টারের মনোরেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

