কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব পণ্যবাহী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ ফি আরোপের পরিকল্পনাকে ‘জলদস্যুতা’ বলে আখ্যা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
সোমবার ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যে আয়োজিত এক বিশাল জনসভায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন। খবর আরব নিউজের।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ওই জনসভায় দেওয়া বক্তব্যে লুলা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি হরমুজ প্রণালি খুলে দেবেন।
কিন্তু আন্তর্জাতিক সেই নৌপথ দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে তিনি জোরপূর্বক ২০ শতাংশ অর্থ নেওয়ার পরিকল্পনা করেছেন। অতীতে এই ধরনের কাজকে নির্ভেজাল জলদস্যুতা বলা হতো।’
ব্রাজিলের প্রেসিডেন্ট ওয়াশিংটনের এই একতরফা নীতির কড়া সমালোচনা করে আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দাবি করে এসেছে, তারা এখন নিজেরাই জলদস্যুতে পরিণত হতে পারে না।’
একই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই চলমান উত্তেজনার নেতিবাচক প্রভাব নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘এই সংঘাতের কারণে ব্রাজিলের অভ্যন্তরীণ বাজারে শিম, চাল, টমেটো ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের পাশাপাশি সব ধরনের জ্বালানির দামও আশঙ্কাজনকভাবে বাড়ছে।’
একুেশ সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

